স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে দুটি তেল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাতে শহরের মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রিক তেল পাম্পে এ অভিযান চালানো হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাম্প দুটির জ্বালানি আমদানি ও বিক্রির নথিপত্র খতিয়ে দেখেন এবং বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করেন। তিনি তাৎক্ষণিকভাবে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুরো কার্যক্রমটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
প্রতিমন্ত্রী প্রথমে মনির উদ্দিন তেল পাম্পের গুদাম ও হিসাবপত্র যাচাই করেন প্রতিমন্ত্রী। এ সময় পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি মাপে কম দেওয়া ও হিসাবের অসঙ্গতিসহ নানা অনিয়ম দেখতে পান। পরে নিজেই ক্যাশমেমো ও হিসাব খাতা পরীক্ষা করে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন। পাশাপাশি জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর আগে যাত্রিক তেল পাম্পেও একইভাবে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম তার নজরে আসে। উভয় পাম্প কর্তৃপক্ষকে তিনি সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই জ্বালানি বিক্রি বন্ধ রাখা যাবে না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই দুই তেল পাম্পের বিরুদ্ধে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, মাপে কম দেওয়া এবং কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখার অভিযোগ ছিল। প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
