‘আমি দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না’
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছার জবাবে তিনি বলেন, নড়াইল জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবাই তাঁর প্রধান লক্ষ্য। জেলা পরিষদকে একটি সেবাধর্মী ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, আমি দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না।
দায়িত্ব হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#























