যশোরে গাছ কাটার অভিযোগে তদন্তে জেলা পরিষদের প্রশাসক খোকন
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি মাদীয়া গ্রামে মুক্তেশ্বরী নদী তীরবর্তী এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসন। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।
পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রশাসক জানান, সংশ্লিষ্ট জমিটি যশোর জেলা প্রশাসনের মালিকানাধীন। আগামীকাল নদীর পাড়ের জমি আনুষ্ঠানিকভাবে পরিমাপ করা হবে। যদি তদন্তে প্রমাণিত হয় যে গাছগুলো নদীর সরকারি সীমানার ভেতরে ছিল, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। সরকারের আমলে কোনো ধরনের অবৈধ দখলদারিত্ব বা অপরাধ বরদাশত করা হবে না। কেউ আইন অমান্য করলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।
নদীর পাড়ে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এ তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল।























