যশোরে প্রতিমন্ত্রী অমিতের দিনব্যাপী সফরে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একদিনের সরকারি সফরে শনিবার নিজ শহর যশোরে পৌঁছেছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন।
সফরের শুরুতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আসন্ন তারেক রহমান-এর সম্ভাব্য যশোর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ড. মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারাও সভায় অংশ নেন।
এরপর প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত উদ্বোধনস্থল পরিদর্শন করেন এবং শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।
বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে পাটবীজ বিতরণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৪টায় একই স্থানে ‘এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন’ (ইকো)-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারি কর্মসূচির পাশাপাশি বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় দৈনিক ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় পত্রিকার সম্পাদক, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























