যশোর মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন ঘিরে জোর প্রস্তুতি
স্বাধীন কন্ঠ ডেস্ক
আগামী ২৭ তারিখে তারেক রহমান-এর যশোর সফর এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। এ লক্ষ্যকে সামনে রেখে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের অবকাঠামো, চলমান কাজের অগ্রগতি এবং সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত যশোর মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের আওতায় বহুতল হাসপাতাল ভবনের পাশাপাশি আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ ও এইচডিইউ সুবিধা, জরুরি বিভাগ, বহির্বিভাগ (ওপিডি), বিভিন্ন বিশেষায়িত বিভাগ এবং উন্নত ডায়াগনস্টিক সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা, নার্সিং কলেজ, শিক্ষার্থীদের হোস্টেল এবং অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তিনি অনুষ্ঠান পরিচালনা, নিরাপত্তা, অতিথি অভ্যর্থনা এবং সার্বিক সমন্বয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।























