যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার উদ্বোধন করা হয়।
দিনের শুরুতেই পুলিশ লাইন্সের প্রধান ফটকে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সারাদিন উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়। মাঝে মাঝে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্যও প্রদান করেন পুলিশ সুপার।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেন তিনি। এ সময় আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি ও করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক থাকতে হবে।”
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























