শিশুকে কোলে নিয়ে শুভেচ্ছা জানানো সেই নিলিমার বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে সফরের সময় বাস থেকে নেমে এক শিশু ও তার মায়ের সঙ্গে দেখা করার মানবিক ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছিল। এবার সেই শিশুটির জন্য উপহার পাঠিয়েছেন তারেক রহমান।
জানা যায়, গত ২৭ এপ্রিল যশোর সফরকালে গাড়িবহর নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিলিমা নামের এক মা তার কোলের শিশুকে নিয়ে ফুল হাতে শুভেচ্ছা জানান। বিষয়টি নজরে আসলে গাড়ি থামিয়ে নেমে শিশুটিকে দেখতে এগিয়ে যান তিনি। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এরপর ওই মা ও শিশুর জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে উপহার পৌঁছে দেয়।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।
উপহার পেয়ে নিলিমা ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, যশোরে ওই দিনের ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।























