শ্রমিক অধিকার রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী অমিত
স্বাধীন কণ্ঠ ডেস্ক
শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, “শ্রমিকদের প্রতি আমাদের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা যেমন তাদের কাজ ফিরিয়ে দিতে কাজ করছি, তেমনি তারা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটিও নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “যে প্রতিষ্ঠানে শ্রমিকরা সন্তুষ্ট মনে কাজ করে, সেই প্রতিষ্ঠানই উন্নতি করে। শ্রমিক শোষণের মাধ্যমে কেউ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না।” তিনি সরকারের শ্রমবান্ধব নীতির কথা তুলে ধরে শ্রমিকদের কষ্ট লাঘবে অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
এছাড়াও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মজনু এবং জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম।
সভা শেষে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।























