ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে যশোরে মানববন্ধন ও কলম বিরতি
স্বাধীন কন্ঠ ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে যশোরে এক ঘণ্টার কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
সোমবার (৮ জুন) দুপুরে যশোর শহরের আরএন রোডস্থ ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল— চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, সাধারণ গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ, আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের ব্যাংকিং খাত থেকে বয়কট করা।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম যশোর শাখার আহ্বায়ক রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল ইসলাম শিহাবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক জাকির হোসেন, মফিজুর রহমান, নাসরিন নাহার, ড. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল লতিফসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের দাবি, পরিচালনা পর্ষদে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমকে অবিলম্বে অপসারণ করতে হবে।
বক্তব্যে তারা বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার প্রত্যাশা থেকে অতীতে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া হলেও বর্তমানে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের চেষ্টা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংককে দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের নানা প্রতিকূলতার মধ্যেও ব্যাংকটি গ্রাহকদের আস্থা ধরে রেখেছে। তারা অভিযোগ করেন, ব্যাংকটিকে ঘিরে বিভিন্ন মহলের স্বার্থসংশ্লিষ্ট তৎপরতা রয়েছে। এ কারণে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে গ্রাহকবান্ধব ও গ্রহণযোগ্য কমিটি গঠন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।























