যশোরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কপোতাক্ষ নদ’ হলরুমে জেলা প্রশাসন, যশোরের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন সুজন সরকার, মোশাররফ হোসেনসহ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদনে পানির সুষম ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সংরক্ষণে প্রয়োজনীয় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জেলার নদ-নদী, খাল-বিল ও অন্যান্য পানির উৎস সংরক্ষণে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পানির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।























