যশোরে রাজনৈতিক বিরোধে প্রাণ গেল জুয়েল রানার
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মুক্তদাহ মোড়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবুসহ আরও কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। একপর্যায়ে তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেন।
কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সকল প্রচেষ্টা ব্যর্থ করে দুপুর ১২টা ২৫ মিনিটে জুয়েল রানার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুক্তদাহ গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বর্তমানে নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে জুয়েল রানাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, প্রকাশ্যে সংঘটিত এ নৃশংস হামলা ও মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।























