যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বহুল আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) কাজী বাবুল। তবে তাৎক্ষণিকভাবে তার আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে একটি নাশকতার মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছিল। পরে তিনি আদালত থেকে জামিন লাভ করে মুক্তি পান।
নাসিমা সুলতানা মহুয়া যশোরের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার লক্ষ্যে দলীয় মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।
তার পুনরায় আটকের ঘটনায় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী বিস্তারিত জানানো হবে।























