সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বৃহস্পতিবার সকালে বেনাপোলের কাগজপুকুর বাজার মোড়ে তার ওপর সংঘটিত হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। একজন সাংবাদিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি হামলা, ভয়ভীতি বা নির্যাতনের শিকার হতে হয়, তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে হামলায় আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।























