সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যাহত ও নির্মম সীমান্ত হত্যা, ভারত কর্তৃক জোরপূর্বক পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতার প্রতিবাদে যশোরের বেনাপোলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেনাপোল বন্দরের ঐতিহ্যবাহী রহমান চত্বরে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মাওলানা আনোয়ার হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাওলানা আজীজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
সমাবেশে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, সীমান্তে নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা এবং জোরপূর্বক পুশ-ইনের ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অমানবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, সার্বজনীন মানবাধিকার এবং দ্বিপাক্ষিক প্রতিবেশীসুলভ সম্পর্কের সম্পূর্ণ পরিপন্থী। বক্তারা অনতিবিলম্বে সীমান্তে এই রক্তাক্ত হত্যাকাণ্ড বন্ধ এবং পুশ-ইন কার্যক্রমের স্থায়ী অবসান দাবি করেন।
নেতৃবৃন্দ তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন, সীমান্ত আগ্রাসন ও ষড়যন্ত্র দেশের বীর জনগণ কখনো মেনে নেবে না। দেশের নিরাপত্তা, মানবাধিকার ও জাতীয় মর্যাদা রক্ষায় সরকারকে আরও কঠোর ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
একই সঙ্গে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রমের অবসান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানানো হয়।
১১ দলীয় ঐক্যের এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামী যশোর জেলা নায়েবে আমির হাবিবুর রহমান, শার্শা উপজেলা নায়েবে আমির তৈবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌরসভার আমির রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী এবং জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, যশোর জেলা এলডিপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন, এনসিপির জেলার আহবায়ক নুরুজ্জামান, জেলা সেক্রেটারি আবু জাফর এবং শার্শা উপজেলার সংগঠক মুরাদ উদ দৌলা, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের জেলা যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই প্রতিবাদী দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।























