যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শনিবার যশোরে পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শনিবার (১৩ জুন) সকালে শহরের নব কিশলয় স্কুল প্রাঙ্গণে বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান বলেন, “আজ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে জাতীয় পর্যায়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে যশোর জেলাতেও এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা চাই জেলার প্রতিটি বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস-আদালত সবুজে ঘেরা পরিবেশে পরিণত হোক। সরকারের সব দপ্তর এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত রয়েছে।”
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে পরিবেশগত সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমানে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঝড়-ঝঞ্ঝা ও প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। এসব সমস্যা থেকে উত্তরণের অন্যতম কার্যকর উপায় হলো ব্যাপক বৃক্ষরোপণ।
রফিকুল হাসান আরও বলেন, “আজ আমরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়েছি। তারা যদি ছোটবেলা থেকেই গাছের পরিচর্যা শেখে, তাহলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। একটি শিশু একটি গাছের দায়িত্ব নিলে আগামী দিনে সেই গাছই পরিবেশকে রক্ষা করবে।”
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশারফ হোসেন, সামাজিক বন অঞ্চলের কর্মকর্তা হারুন অর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, রেঞ্জ কর্মকর্তা এম.এম. মিজানুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগই নয়, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবার যদি অন্তত দুটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে অল্প সময়ের মধ্যেই দেশের সবুজায়ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এদিকে একই দিনে যশোর পৌরসভার উদ্যোগে ছয় মাসব্যাপী এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যায়ক্রমে এসব গাছ রোপণ করা হবে।
পৌর প্রশাসক রফিকুল হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পৌরসভার কর্মকর্তারা জানান, নগর পরিবেশকে আরও বাসযোগ্য ও সবুজ করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।























