যশোরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
যশোরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।
যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বাঙালির চেতনা বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান প্রজন্মের কাছে তাঁদের সাহিত্যকর্ম ও দর্শনের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ পাভেল চৌধুরী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইদ, জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং তীর্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন।
আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। মনোমুগ্ধকর পরিবেশনায় মিলনায়তনটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।























