হাপানিয়ায় শিক্ষক রেজাউল ইসলামের বিদায় সংবর্ধনা
৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে সোমবার হাপানিয়া গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাপানিয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক রহমান।
বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে রেজাউল ইসলাম বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করেছি, খুব আনন্দে ছিলাম। একদিনও আমার বাড়িতে থাকতে ইচ্ছে করত না। ছুটির দিনগুলোতেও মনে হতো, কখন স্কুলে যাব, কখন শিক্ষার্থীদের কাছে পৌঁছাব। আজকের এই বিদায়ের মুহূর্তে এক ধরনের একাকীত্ব বোধ করছি।
তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের সঠিক শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে সন্ধ্যার পর সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে রেজাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় এবং পরবর্তীতে কোনো পেশায় যুক্ত হতে পারে না। শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হলে ঝরে পড়া শিক্ষার্থীরাও দক্ষতা অর্জন করে জীবিকা নির্বাহ করতে পারবে।
সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে ‘মিজান স্যার’ নামে পরিচিত রেজাউল ইসলাম অত্যন্ত সজ্জন ও আন্তরিক মানুষ। তাঁর চমৎকার ব্যবহার ও মানবিক গুণাবলীর কারণে তিনি পুরো গ্রামের মানুষের আপনজন হয়ে উঠেছিলেন। তাঁর অবসর উপলক্ষে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফেরদাউস হাসান জাকির ও তারেক রহমান তাঁদের প্রিয় শিক্ষকের অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, পূর্ববর্তী প্রধান শিক্ষক হঠাৎ বদলি হয়ে যাওয়ার পর বিদ্যালয়ে যখন তীব্র শিক্ষক সংকট ও নানা অব্যবস্থাপনা দেখা দিয়েছিল, তখন রেজাউল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা ও পাঠদানের মান বজায় রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক মাস্টার কাজী শহিদুল ইসলাম, মাস্টার খলিলুর রহমান, আব্দুল জলিল, আব্দুর শুকুরসহ হাপানিয়া গ্রামের সর্বস্তরের অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে গ্রামবাসী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মো. রেজাউল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।























