মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে যশোরে বিশাল পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী মুক্তেশ্বরী নদী দখলমুক্ত করা, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা নিরসনের দাবিতে ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় মুক্তেশ্বরী নদী প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভৈরব নদ তীরে গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন’-এর আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নদী, মানুষ, পরিবেশ ও দেশকে রক্ষা করতে হলে সর্বপ্রথম নদীকে বাঁচাতে হবে। অথচ চোখের সামনে একের পর এক নদী গিলে খাচ্ছে প্রভাবশালীরা। তারা অভিযোগ করেন, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারসহ প্রায় ২০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অবৈধভাবে মুক্তেশ্বরী নদীর বিশাল জমি দখল করে রেখেছে।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, জেলা প্রশাসনের নিজস্ব তদন্তেও এই অবৈধ দখলের বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে। তদন্তে সত্যতা মেলার পরও অদৃশ্য কারণে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা অবিলম্বে সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার এবং পরিবেশ ধ্বংসকারী এসব দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে নদীগুলোর আন্তঃসংযোগের ওপর গুরুত্বারোপ করে আন্দোলনের নেতারা বলেন, মুক্তেশ্বরী নদীর সঙ্গে উজানে ভৈরব নদীর সংযোগ দ্রুত পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে উজানে মাথাভাঙা নদীর সঙ্গে ভৈরব নদীর সংযোগ স্থাপনের জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। এছাড়া ভৈরব নদীর তীরে এখনো যেসব অবৈধ দখলদার অবস্থান করছে, তাদেরও অবিলম্বে উচ্ছেদের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘস্থায়ী অভিশাপ ও জলাবদ্ধতা নিরসনে মুক্তেশ্বরী নদী খনন এবং ভৈরব নদীর সঙ্গে এর কার্যকর সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। নদীগুলোর স্বাভাবিক নাব্যতা ও প্রবাহ নিশ্চিত করা গেলে এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা সমস্যার একটি স্থায়ী ও টেকসই সমাধান সম্ভব হবে।
নদী রক্ষা ও পরিবেশ বাঁচানোর এই আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ভৈরব আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু,মুক্তেশ্বরী আন্দোলনের নেতা আহসান উল্লাহ ময়না,জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু,উদীচী যশোর জেলা সভাপতি আমিনুর রহমান হিরু,ভৈরব আন্দোলনের নেতা হাচিনুর রহমান, অ্যাডভোকেট আবুল কায়েস প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত থেকে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন ভৈরব আন্দোলনের উপদেষ্টা তসলিম-উর-রহমান, অন্যতম নেতা মিজানুর রহমান, ভাসানী পরিষদ যশোর জেলা আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবির, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সাঈদ আহমদ নাসির শেফার্ড, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতা রিয়াদুর রহমান এবং নওরোজ আলম খান চপলসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের শেষপ্রান্তে মুক্তেশ্বরী ও ভৈরব নদী রক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আলটিমেটাম দিয়ে জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।























