বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিতের সঙ্গে যশোরের ক্রিকেটার ও সংগঠকদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
যশোরের শামস-উল-হদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে জমকালো পরিবেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিতের সঙ্গে স্থানীয় ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোরের শামসুলহুদা স্টেডিয়ামে এই মতবিনিময়সভা করা হয়।
বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলার ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। বিকেল ৪টায় শুরু হওয়া এ সভায় যশোরের ক্রিকেটের বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে তুলে আনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত স্থানীয় ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়রা নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে যশোরের ঝিমিয়ে পড়া ক্রিকেট আবারও নতুন গতি ফিরে পাবে এবং জেলার ক্রিকেট লিগগুলো নিয়মিতভাবে মাঠে গড়াবে।
মতবিনিময় সভায় বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত বলেন, যশোরের মাটির সঙ্গে আমার ক্রিকেটীয় আবেগ জড়িয়ে আছে। বিসিবিতে আমার এই অবস্থান শুধু ঢাকার ক্রিকেটকে কেন্দ্র করে নয়, বরং তৃণমূলের ক্রিকেটকে শক্তিশালী করার জন্য। আমি চেষ্টা করব যশোরসহ সমগ্র অঞ্চলের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন করতে এবং তরুণ খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে।
অনুষ্ঠানে যশোরের সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। যশোরের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন যে, এ মতবিনিময় সভা যশোরের ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।























