শার্শায় দুই বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও মোবাইল ফোনসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ডিবি যশোরের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস দল শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল রানা (২৬)-কে তার টিনের বসতঘর থেকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার শয়নকক্ষের বালিশের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও ম্যাগাজিন রাখা আছে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই স্থান থেকে দুইটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, রাসেল রানার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইল ফোন।
আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।























