আশুরার গুরুত্ব জানাতে যশোরে আলে রাসূল পাবলিকেশন্সের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলে রাসূল পাবলিকেশন্স। কারবালার শোকাবহ ঘটনার শিক্ষা ও মানবতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি ও ইমামবাড়ির সদস্যরা অংশ নেন।
আলে রাসূল পাবলিকেশন্সের প্রকাশক শাহবাজ আহম্মেদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরলী ইমামবাড়ির মাওলানা আবু মুসা, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আলী হায়দার, আলহাজ ফিরোজ খানসহ ইমামবাড়ির সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, মহররম শুধু হিজরি বছরের প্রথম মাস নয়; এটি সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান, আত্মত্যাগ, ধৈর্য ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালার প্রান্তরে সংঘটিত ঘটনা মুসলিম উম্মাহর ইতিহাসে একটি অনন্য অধ্যায়, যা যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য প্রতিষ্ঠার শিক্ষা দিয়ে আসছে।
বক্তারা আরও বলেন, ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন (আ.) এবং তাঁর পরিবার-পরিজন ও সঙ্গীরা অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তাদের এই আত্মত্যাগ শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সত্য, ন্যায় ও মানবিক মর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।
তারা বলেন, আশুরার শিক্ষা মানুষের অন্তরে ন্যায়বোধ, আত্মত্যাগ, সহনশীলতা এবং মানবতার চেতনা জাগ্রত করে। বর্তমান সমাজে বিভেদ, হিংসা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে কারবালার চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।
বক্তারা পবিত্র মহররম মাসকে যথাযথ মর্যাদায় পালন, আশুরার প্রকৃত ইতিহাস সম্পর্কে তরুণ প্রজন্মকে অবহিত করা এবং কারবালার শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পবিত্র আশুরার মহান শিক্ষাকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।























