মাদরাসা শিক্ষাই হবে অভিভাবকদের ‘ফার্স্ট চয়েস’: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসি
নিজস্ব প্রতিবেদক
মাদরাসা শিক্ষাব্যবস্থাকে দেশের অন্যতম ‘মডেল’ শিক্ষা ধারা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদগণ। তারা বলেন, মাদরাসা শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষায় আলোকিত হওয়ার পাশাপাশি দেশের যোগ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সিভিল সার্ভিসের কর্মকর্তা হয়ে দেশ পরিচালনায় অগ্রণী নেতৃত্ব দেবে।
বুধবার যশোর পিটিআই মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘মাদরাসায় উচ্চ শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারে যশোর জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সভাপতি ও গভর্নিং বডির সদস্যগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি মাদরাসা শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আমাদের মাদরাসা শিক্ষাকে এমনভাবে সাজাতে চাই এবং এমন শিক্ষার্থী গড়ে তুলতে চাই, যারা এখান থেকে শিক্ষা শেষ করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে। মাদরাসা শিক্ষাকে যদি আমরা এই অবস্থানে নিয়ে যেতে পারি, তবে অভিভাবকগণ তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য ‘ফার্স্ট চয়েস’ হিসেবে এই শিক্ষাধারাকেই বেছে নেবেন।
তিনি দেশের মুসলমানদের দীর্ঘদিনের স্বপ্নের প্রতিফলন এই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি নিজের মাদরাসা ব্যাকগ্রাউন্ডের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের মন থেকে সব ধরনের হতাশা দূর করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এবং প্রশাসনের অনেক কর্মকর্তা মাদরাসা থেকে পড়াশোনা করে আজ এই অবস্থানে এসেছেন। বিভিন্ন সেক্টরে আমাদের এই সাফল্যগুলো তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। অনেক সময় ছাত্ররা ভবিষ্যতে কী করবে তা নিয়ে হতাশায় ভোগে। তাদেরকে স্বপ্নের রাজ্যে উড়িয়ে দিতে হবে, বড় স্বপ্ন দেখাতে হবে।
সেমিনারে মাদরাসা শিক্ষার আধুনিকায়নের পথে বাস্তব কিছু চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার কথাও উঠে আসে। মাঠপর্যায়ে পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে বক্তারা জানান, অনেক মাদরাসায় এখনও মূল সিলেবাসের বই বা সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেফারেন্স বইয়ের ঘাটতি রয়েছে। মাদরাসা শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে এই ধরনের প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সেমিনারে অন্যান্যের মধ্যে আরও আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব শাহীদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর মোঃ নওসের আলী এবং যশোরের জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণভাবে সঞ্চালনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী। সেমিনারে উপস্থিত বক্তা ও শিক্ষাবিদগণ সবাই মিলে এই ঐতিহ্যবাহী শিক্ষা ধারাকে নতুন প্রাণশক্তি দিয়ে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।























