যশোর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ৮টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩টি কম্বল, ২টি তৈরি পোশাক, ১১০টি বিভিন্ন ধরনের চকলেট এবং ৬৬টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























