যশোরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার যশোরের আলহাজ্জ মতিউর রহমান মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই উদ্যোগকে সফল করতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসাকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক প্রফেসর মো. নওশের আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াসিন আলী, সহকারী রেজিস্ট্রার শামীম হোসেন খান এবং কর্মকর্তা হাফিজুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্জ মতিউর রহমান মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন, ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ফেরদৌসুর রহমান, মোহাম্মদ মাসুদ পারভেজ, ড. হাদীউজ্জামান, সমীর কুমার সরকার, মোহাম্মদ ইলিয়াস আলীসহ মাদরাসার শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।























