বাঘারপাড়ায় কৃষকনেতা খালেক লস্করের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি যশোর জেলা কমিটির সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সহ-সভাপতি প্রয়াত ডা. আব্দুল খালেক লস্করের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ স্মরণসভার আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ প্রয়াত কৃষকনেতার কর্মময় জীবন, কৃষক আন্দোলনে তার অবদান এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে তাঁর সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক বিএম শামীমুল হক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শাহনাজ পারভীন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, নড়াইল জেলা সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ঝিনাইদহ জেলা সহ-সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ যশোর জেলা কমিটির সভাপতি শাহরিয়ার আমির, কৃষক সংগ্রাম সমিতির যশোর সদর থানা কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস, বাঘারপাড়া থানা কমিটির আহ্বায়ক আইয়ুব হোসেন মাস্টার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অভয়নগর থানা কমিটির সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম বাবু, প্রয়াতের ছেলে সাংবাদিক সাইফ উদ দৌলা রুমি ও রাকিব উদ দৌলা রাব্বি প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের জেলা যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু।
বক্তারা প্রয়াত ডা. আব্দুল খালেক লস্করের সংগ্রামী রাজনৈতিক জীবন ও কৃষক অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা দেশের কৃষি, অর্থনীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সভায় বক্তারা কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, হাট-বাজার ব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা নিরসন, নদ-নদী খনন, ভূমিহীন কৃষকদের জন্য খাস জমি বরাদ্দ এবং শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি উত্থাপন করেন।
এর আগে সকাল ১০টায় প্রয়াত ডা. আব্দুল খালেক লস্করের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং শপথ পাঠের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভায় বক্তারা প্রয়াত কৃষকনেতার আদর্শ ও অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নিতে কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।























