যশোরে জাতীয় পার্টির আহ্বায়ক-সদস্য সচিবসহ ২৬ নেতার একযোগে পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা জাতীয় পার্টিতে বড় ধরনের সাংগঠনিক সংকট দেখা দিয়েছে। জেলা কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের ২৬ জন নেতা একযোগে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা এ ঘোষণা দেন। পরে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতি গণমাধ্যমে বিতরণ করা হয়।
বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলার অভাব রয়েছে। পাশাপাশি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের কারণে দলটি দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে না বলে তারা মনে করেন। এসব কারণ বিবেচনায় নিয়ে তারা দল থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার থেকে জাতীয় পার্টির সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ও কেন্দ্রীয় জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম, কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, যশোর সদর উপজেলা সভাপতি মো. শফিয়ার রহমান, মনিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, মনোহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মনিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ নেতা সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, শার্শা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, জেলা কমিটির সদস্য মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, মাস্টার ফিরোজ এবং সদর উপজেলার সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য সেকেন্দার আলীসহ মোট ২৬ জন নেতা।
সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দলের অভ্যন্তরে বিভিন্ন বিষয়ে অসন্তোষ বিরাজ করছিল। সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়া এবং নেতৃত্বের প্রতি আস্থার সংকট তৈরি হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জেলা কমিটির শীর্ষ নেতৃত্বসহ একযোগে বিপুল সংখ্যক নেতার পদত্যাগ যশোরে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে দলটির কার্যক্রম ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
তবে এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।























