যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন
তৃতীয় ভাষা শিক্ষা কোর্স চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বাবা-মা যেভাবে স্নেহ, আদর, ভালোবাসা ও শাসনের মাধ্যমে সন্তানকে বড় করে তোলেন, শিক্ষক-শিক্ষিকাদেরও একইভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এটিই আজকের মূল বার্তা।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় আন্তর্জাতিক বৃত্তির সুযোগ সৃষ্টি করতে এই বিদ্যালয় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে।
নারীবান্ধব শিক্ষানীতির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, “১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ এবং মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এর সুফল হিসেবে বর্তমানে মেয়েরা জিপিএ-৫, মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, যারা ভালো ফলাফল করবে এবং সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক (অনার্স) পর্যায়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এছাড়া অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আওতা আরও সম্প্রসারণ করা হবে।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, স্কুলের খেলার মাঠের উন্নয়ন এবং অডিটোরিয়াম নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি লাইব্রেরি ও কম্পিউটার ল্যাবকে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে আশ্বাস দেন তিনি। এ বিষয়ে কোনো অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলে সরাসরি জেলা প্রশাসককে অবহিত করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।























