জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মী সভায় মীর আব্দুস সবুর আসুদ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টিকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র করা হলেও তা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ। তিনি বলেন, “জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ের দল। তাই ষড়যন্ত্র করে এই দলকে কখনোই শেষ করা যাবে না।”
শনিবার (২০ জুন) দুপুরে যশোর শহরের বিডি হলে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর আব্দুস সবুর আসুদ বলেন, জাতীয় পার্টির শাসনামলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সে সময় মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল এবং দেশের মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেছে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এবং জাতীয় পার্টিকে দুর্বল করার অপচেষ্টা চালিয়েছে।
তিনি আরও বলেন, আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।
যশোর জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস।
এছাড়া বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরা জেলার সিনিয়র সহ-সভাপতি সিরাজুল সালেক শাহীন, মেহেরপুর জেলার সিনিয়র সহ-সভাপতি কেতাব আলী, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের কেন্দ্রীয় সদস্য শাহ আলম খান, কুষ্টিয়া জেলার যুগ্ম সম্পাদক আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গা জেলা সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট সাইফুজ্জামান ফিরোজ।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন এবং শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মেফতা উদ্দিন জসিম।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন। কর্মী সভায় যশোর জেলা এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি দলীয় স্লোগান ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে।























