আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিমু আটক
নিজস্ব প্রতিবেদক
যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি কায়েস আহম্মেদ রিমুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে শহরের শেখহাটা বাবলাতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এলাকায় রিমু কট্টর আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রিমুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ জমা পড়ে। এসব সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে আজ ভোরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল শেখহাটা বাবলাতলা এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালায় এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে।
রিমুর আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, কায়িস আহম্মেদ রিমুর বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অভিযোগ রয়েছে। এই সব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইন্সপেক্টর মমিনুল হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি এলাকায় ফুটবল ও আর্জেন্টিনার অন্ধ ভক্ত হিসেবে বেশ পরিচিতি ছিল রিমুর। তবে সংগঠন নিষিদ্ধ হওয়ার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। তার আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।























