অপরাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করবে: যুবদলের সিনিয়র সহ-সভাপতি পল
নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সুষ্ঠু, পরিশীলিত ও নতুন ধারার রাজনীতির চর্চা শুরু হয়েছে। তিনি প্রতিহিংসা ও সংঘাতপূর্ণ রাজনীতির অবসান ঘটিয়ে গণতন্ত্রের সৌন্দর্য্যময়, পরমতসহিষ্ণু এবং মর্যাদাপূর্ণ রাজনৈতিক পরিবেশের সূচনা করেছেন। তবে এই সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ব্যাহত করতে একটি মহল রাজনীতির নামে অপরাজনীতি শুরু করেছে। জনগণ এসব অপরাজনৈতিক কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করবে।
বুধবার যশোর জেলা যুবদল আয়োজিত অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে রেজাউল কবীর পল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা অপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির জন্ম দিয়েছিলেন। তার প্রেতাত্মারাই আবার নতুন করে নোংরা রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ক্রমাগত মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং শিষ্টাচারবহির্ভূত অপপ্রচারের পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রতিবাদের নামে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার এবং ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা শিষ্টাচার লঙ্ঘন করে অপরাজনীতির সঙ্গে জড়িত, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অবিলম্বে সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুন, অন্যথায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল এবং যুগ্ম-সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আবু আতিক আল হাসান মিন্টু ও শফিকুল ইসলাম শফিক।
সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের রাজনৈতিক অঙ্গনে শালীনতা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে সিভিল কোর্ট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।























