চৌগাছায় নৈশপ্রহরী আতিয়ার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামে নৈশপ্রহরী আতিয়ার রহমান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। একই সাথে মামলার নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটি ডিবি অথবা পিবিআই এর কাছে হস্তান্তরের জোর দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে সংবাদ সম্মেলনে নিহতের ভাই রাশেদ আলী লিখিত বক্তব্যের মাধ্যমে প্রশাসনের কাছে এই আকুল আবেদন জানান।
লিখিত বক্তব্যে রাশেদ আলী জানান, তার ভাই আতিয়ার রহমান রড গোবিন্দপুর বাজারের নৈশপ্রহরী (পাহারাদার) হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ জুন রাত সাড়ে ৮টার দিকে তিনি যথারীতি বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পরদিন ২১ জুন সকালে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে থানায় অভিযোগ জানালে, পুলিশ মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে ওসমান নামের এক ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রড গোবিন্দপুর বাওড়ের ডানেরবিল ক্যানেলের কচুরিপানার নিচ থেকে আতিয়ার রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ওসমানের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তীতে সুজা ও কবির নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে। তবে লাশ উদ্ধারের পর তদন্তের এক পর্যায়ে মূল সন্দেহভাজনদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করছে পরিবার। রাশেদ আলী অভিযোগ করেন, মামলার প্রাথমিক পর্যায়ে পুলিশ রহস্যজনকভাবে মূল তথ্যদাতা ওসমানের নাম বাদ দিয়ে শুধু সুজা ও কবিরের নাম অন্তর্ভুক্ত করে।
পরবর্তীতে নিহতের ভাই রাশেদ আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে পুলিশ মাত্র তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে প্রতিনিয়ত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আসামিদের এমন হুমকিতে বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আতিয়ারের পরিবার জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা রুখতে মামলাটি অবিলম্বে পিবিআই বা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হোক। একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে আতিয়ার রহমান হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।























