যশোরে মাদকবিরোধী আলোচনা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা থেকে সমাজকে মুক্ত করতে এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী আন্দোলনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা অবৈধ মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে এ বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























