যশোরে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় যশোরেও শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬’। রোববার সকালে যশোর উপশহর শিশু হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার সব কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে জেলার আটটি উপজেলায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছে, শিশুদের রাতকানা, অন্ধত্ব, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকি কমাতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে সব অভিভাবককে তাদের সন্তানদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।























