যশোরে এএসআই নিয়োগ পরীক্ষার ২য় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকালে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের তিনটি গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, প্রতিটি ইভেন্ট শুরু হওয়ার আগে প্রার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ব্রিফিং প্রদান করা হয়। এছাড়াও নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যগণ প্রার্থীদের মনোবল বৃদ্ধি এবং মাঠের প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখতে দফায় দফায় দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার নির্ধারিত তিনটি ইভেন্টের পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। ২য় ইভেন্টে লং জেম্পে এতে পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম ১০ ফিট এবং নারী প্রার্থীদের জন্য ন্যূনতম ৬ ফিট দূরত্ব অতিক্রম করা বাধ্যতামূলক ছিল। ৩য় ইভেন্ট হাই জাম্পে পুরুষ প্রার্থীদের ৩.৫ ফিট এবং নারী প্রার্থীদের ২.৫ ফিট উচ্চতা অতিক্রম করতে হয়।
নিয়োগের নিয়ম অনুযায়ী, প্রার্থীরা পূর্ববর্তী ইভেন্টে কৃতকার্য হওয়ার পরেই কেবল পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। তবে লং জাম্প এবং হাই জাম্পের ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য প্রতিটি প্রার্থী সর্বোচ্চ তিনবার করে সুযোগ পেয়েছেন।
তিনটি ইভেন্ট শেষে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে সমাপনী ব্রিফিং করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। তিনি উত্তীর্ণদের অভিনন্দন জানানোর পাশাপাশি আজ রোববার অনুষ্ঠিতব্য নিয়োগের ৩য় দিনের ইভেন্টগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র সঙ্গে আনার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।
উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত প্রতিনিধি দল এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ। সমগ্র প্রক্রিয়াটি অত্যন্ত নিখুঁত ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।























