যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
চূড়ান্ত দিনের শারীরিক সক্ষমতা যাচাইয়ে প্রার্থীদের কঠিন চারটি ইভেন্টে অংশ নিতে হয়। নিয়ম অনুযায়ী, প্রতিটি ইভেন্টে কৃতকার্য প্রার্থীরাই কেবল পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। ইভেন্টগুলো ছিল, পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫ বার এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ বার পুশ-আপ দিতে হয়। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫ বার এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ বার সিট-আপ সম্পন্ন করতে হয়। পুরুষ প্রার্থীদের ১৬০ পাউন্ড ওজনের ড্রাগিং ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১২০ পাউন্ড ওজনের ড্রাগিং ২০ মিটার নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করতে হয়। সর্বশেষ এই কঠিন ধাপে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ ফুট রোপ ক্লাইমিং (দড়ি বেয়ে ওপরে ওঠা) সম্পন্ন করতে হয়।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার আগেই সকল প্রার্থীকে প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। এছাড়া নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যগণ প্রার্থীদের মনোবল বাড়াতে দফায় দফায় ব্রিফিং প্রদান করেন।
সকল ইভেন্ট শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি প্রার্থীদের মনোবল ধরে রেখে পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত প্রতিনিধি দল এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।























