যশোরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য যশোর জেলা শাখা। শনিবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একটি সুন্দর ও সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশের বহু মানুষ জীবন দিয়েছেন এবং রক্ত ঝরিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়।
নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব জননিরাপত্তামূলক সমস্যা নিরসনে বর্তমান সরকার যদি অনতিবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন।
সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট ৩টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গণহত্যা ও সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা। শহীদ ওসমান বিন হাদী হত্যার সঙ্গে সরাসরি জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনা। সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ও স্থায়ী সংস্কার কার্যকর করা।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা থেকে শুরু হয়ে যশোর সিভিল কোর্ট মোড় হয়ে মনিহার চত্বর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।
সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির গোলাম রসুল, যশোর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়ক
মো. নুরুজ্জামান, জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক শামসুজ্জামান, গোলাম কুদ্দুস, মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের শরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























