যশোরে প্রাইভেট কারের বডি কেটে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকবিরোধী অভিযানে এক অভিনব ও বড় ধরনের মাদকের চালান আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ড এবং দুই পাশের বডি কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক চালানের সাথে জড়িত দুই কারবারিকে গ্রেফতার এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে রনি মাহামুদ (৩৫) ও শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি চৌকস টিম শনিবার রাতে যশোর কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকাস্থ ‘যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট (জেপিডব্লিউটিপি)’ গেটের উত্তর পার্শ্বে অবস্থান নেয়। এ সময় নড়াইলগামী একটি সন্দেহভাজন সিলভার রঙের টয়োটা এক্স করোল্লা মডেলের প্রাইভেট কারের গতিবিধি রোধ করেন কর্মকর্তারা।
পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালানোর সময় চালক ও আরোহীর আচরণে সন্দেহ হলে নিখুঁত অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে দেখা যায়, চতুর মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে প্রাইভেট কারের ড্যাশবোর্ডের ভেতরে এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষ বক্স তৈরি করেছিল। সেই গোপন বক্সের ভেতর থেকেই সুকৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবার এই বিশাল চালানটি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সীমান্ত অঞ্চল থেকে এই মাদকের চালানটি দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদকের এমন বড় বড় চালানের রুট বন্ধ করতে এবং মূল হোতাদের চিহ্নিত করতে জেলা জুড়ে তাদের এই কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।























