যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ‘স্বপ্নতরী’র ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক
যশোরে অটিজম আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নতরী’। রবিবার (৫ জুলাই) সংগঠনের বার্ষিক কর্মসূচির আওতায় যশোর শহরের খালধার রোড বরফকল মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তাদের ২০ জন অভিভাবকের মিলনমেলায় অনুষ্ঠানটি এক আবেগঘন ও আনন্দময় মুহূর্তে রূপ নেয়।
সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর শাখার ম্যানেজার মোস্তফা মনোয়ার এবং প্রিন্সিপাল অফিসার শাহনেওয়াজ আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক শামিম আরা এবং সালমা আক্তার জুলি। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এটি আসলে একটি মহান ও মানবিক উদ্যোগ। সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ কিংবা স্পেশাল চাইল্ড, তাদের নিয়ে খুব কম মানুষই এভাবে ভাবেন। এই অটিজম আক্রান্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও ভালোবাসা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে এবং স্বপ্নতরীর এই চমৎকার মানবিক উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের বৃত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।
ঈদ পুনর্মিলনী দিনটি আনন্দময় করে তুলতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তিনটি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। খেলাগুলোর মধ্যে ছিল মোরগ লড়াই, বল ছুট এবং বেলুন ফোটানো। খেলাধুলায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন।
স্বপ্নতরী সামাজিক সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানা জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত এই আয়োজন। খেলাধুলা ও পুরস্কার বিতরণী শেষে দুপুরে অংশ নেওয়া সকল শিশু, অভিভাবক এবং স্বপ্নতরীর কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বপ্নতরী সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার মুন্নি, সদস্য আরাফাত সান সাকিব, আরিয়ান ইসলাম শাওন, আবু সালেহ লোটাস, আশরাফুল ইসলাম, তামজীদ আহমেদ হিজল, নূর আল হাসান প্রতীক, আফরিদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।























