প্রেসক্লাব যশোরে দুটি এসি প্রদান করলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ
জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়
নিজস্ব প্রতিবেদক
জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই যেকোনো ভুলত্রুটি ধরিয়ে দিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আপনাদের এগিয়ে আসতে হবে।
৬ জুলাই সোমবার সকালে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলায় অবস্থিত ‘সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে’ প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে দুটি এয়ার কন্ডিশনার (এসি) হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, দেশের ১৬৪টি থানার মধ্যে উপজেলা পর্যায়ে দেশের নবম হাসপাতাল হিসেবে চৌগাছায় ১০০ শয্যার হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চৌগাছা হাসপাতালটিই ১০০ শয্যার হাসপাতাল হিসেবে প্রথম উদ্বোধন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই হাসপাতালটি অতীতে উপজেলা পর্যায়ে সারা দেশের মধ্যে একটি মডেল হাসপাতাল ছিল। এখানে একসময় যে পরিমাণ স্বাভাবিক ও সিজারিয়ান ডেলিভারি হতো, তার সংখ্যা জেলা সদর হাসপাতালের চেয়েও বেশি ছিল। সেই গৌরবময় অতীত আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই লক্ষ্যে হাসপাতালটির ব্যবস্থাপনা ও সেবার মান বাড়াতে স্থানীয় কমিউনিটি এবং নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে।
এসি প্রদান ও মতবিনিময়কালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, এমপির পিএস ইয়াসিন হোসেন এবং এপিএস মেহেদী হাসান প্রমুখ।
প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু, সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে ভূমিকা রাখায় এবং এসি দুটি উপহার হিসেবে দেওয়ায় সংসদ সদস্য, জামায়াত নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সহযোগীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।























