যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকবিরোধী পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, যশোর। আজ সোমবার (০৬ জুলাই) সকালে যশোর কোতয়ালী মডেল থানা এলাকার পৃথক দুটি স্থানে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকাল ৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কোতয়ালী মডেল থানাধীন বাহাদুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ নয়ন হোসেনের (২৩) নিজ বসতঘর তল্লাশি করে ৬০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নয়ন হোসেন বাহাদুরপুর (নতুন উপশহর) এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জনাব মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এর কিছু সময় পর, সকাল ৯:১০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এই অভিযানে আসামী মোঃ রেজাউল ইসলামের (৪০) নিজ বসতঘর থেকে ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। রেজাউল ইসলাম ওই এলাকার মৃত মকছেদ আলীর ছেলে।
স্পিরিট উদ্ধারের এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে আরেকটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
যশোর জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় মাদকের বিস্তার রোধে এবং মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের এই কঠোর ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।























