যশোর কর অঞ্চলে নবনিয়োগপ্রাপ্ত ১১৮ কর্মচারীকে বরণ
নিজস্ব প্রতিবেদক
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নবনিয়োগপ্রাপ্ত ১১৮ জন কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
মঙ্গলবার যশোর কর অঞ্চলের উদ্যোগে শহরের মনিহার তালতলা মোড়ের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে নবাগত কর্মচারীদের যোগদান ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যশোর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার ও নিয়োগ বোর্ডের সভাপতি মুরাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চলের কমিশনার মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার হোসেন, ট্যাক্স বার যশোরের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন টুলু এবং দৈনিক মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নূর ইসলাম।
অনুষ্ঠারের শুরুতে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারী ও অতিথিদের স্বাগত জানান যশোর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মামুন মিয়া। পরে কর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবীন কর্মচারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার মাসুদ রানা বলেন, ২০২৫ সালের ১০ এপ্রিল খুলনা কর অঞ্চল থেকে প্রেষণে আসা ৩২ জন কর্মচারী নিয়ে যশোর কর অঞ্চলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার ২২টি সার্কেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিত জনবল নিয়েও সদ্য সমাপ্ত অর্থবছরের প্রথম ১০ মাসে ৯৭১ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
তিনি জানান, কর অঞ্চলকে আরও শক্তিশালী করতে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১২২ জন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১১৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য তিনি যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবীন কর্মচারীদের উদ্দেশে মাসুদ রানা বলেন, সততার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর কর অঞ্চল সদর সার্কেলের উপ-কর কমিশনার দেলোয়ারা জাহান। শেষে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সফল কর্মজীবন কামনা করা হয়।























