যশোরে বাঁশঝাড় থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
যশোরের সদর উপজেলার নারাংগালী গ্রামে একটি বাঁশঝাড় থেকে হামিদ বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার নারাংগালী উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হামিদ বিশ্বাস ওই গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ফজরের নামাজের পর থেকে সকাল সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় হামিদ বিশ্বাস বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে যান। সেখানে তিনি নিজের ব্যবহৃত গামছা দিয়ে বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।























