যশোরে ১ কোটি ৮ লক্ষ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবদক
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লক্ষ ২১ হাজার ৯৮০ টাকা মূল্যের ৫৩৫ গ্রাম ওজনের সাড়ে ৪টি স্বর্ণের বারসহ তৌফিকুর রহমান (৩৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল মহাসড়কের দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করে।আটক তৌফিকুর রহমান যশোর জেলার শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল দাইতলা ব্রিজের ওপর তল্লাশি চৌকি বসায়। এসময় সন্দেহভাজন হিসেবে তৌফিকুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে বিশেষভাবে লুকানো ৪টি সম্পূর্ণ এবং ১টি আংশিক (অর্ধেক) স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ৩৯ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল এবং নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৮ লক্ষ ৬২ হাজার ৩৫০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।























