হাসপাতালের বাথরুমে অনৈতিক কর্মকাণ্ড: যুবক-যুবতী আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে হাসপাতালের রোগী, স্বজন ও উপস্থিত সাধারণ জনগণ তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনা জানাজানি হওয়ার পর হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহারিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার।
হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা জানান, বিকেলের দিকে ওই যুবক ও যুবতী একসঙ্গে হাসপাতালের তিনতলার মহিলা ওয়ার্ডের একটি বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা ভেতর থেকে বের না হওয়ায় উপস্থিত লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বাথরুমের সামনে ভিড় জমে যায় এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল পুলিশ ফাঁড়িতে জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা খুলিয়ে তাদের দুজনকে হেফাজতে নেয়।
এদিকে হাসপাতালের ভেতর বাথরুমে এমন অনৈতিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উৎসুক জনতার ঢল নামে। বিষয়টি নিয়ে রোগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ও যুবতীর বক্তব্যে নানা অসংগতি পাওয়া গেছে। তারা একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। কখনো তারা দাবি করছেন যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, আবার কখনো নিজেদের বিবাহিত বলে পরিচয় দিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং তাদের সঠিক পরিচয় নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।























