যশোরে ৪ লাখ টাকার নির্মাণাধীন ক্রিকেট পিচ ধ্বংস করল দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের দীর্ঘদিনের অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে একদল দুর্বৃত্তের আঘাতে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থায়নে নির্মাণাধীন আধুনিক ক্রিকেট পিচ (উইকেট)। গত শুক্রবার বিকেলে কোনো এক সময় সদ্য প্রস্তুত করা এই পিচের ওপর উঠে হাঁটাহাঁটি ও লাফালাফি করে তা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়। এর ফলে প্রায় চার লাখ টাকার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ভেস্তে যাওয়ার পাশাপাশি থমকে গেল যশোরের স্থবির হয়ে থাকা ক্রিকেট লিগ চালুর প্রক্রিয়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন পিচটির প্রায় পুরো অংশজুড়ে গভীর পায়ের ছাপ এবং কাদামাটির ক্ষতচিহ্ন রয়েছে। দুর্বৃত্তদের লাফালাফির কারণে পিচের সমতল অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখানে পানি জমে গেছে। ফলে নতুন করে আবার সমতলকরণ ও সংস্কারের কাজ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গেল ২০২২ সালের নভেম্বর মাসে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ প্রান্তের সীমানা প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছিল। চার বছর পার হতে চললেও আজও সেই প্রাচীর মেরামত করা হয়নি। এই অরক্ষিত সীমানা প্রাচীর দিয়েই প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে মাঠে প্রবেশ করে দুর্বৃত্তের দলটি এই ন্যাক্কারজনক কাণ্ড ঘটায়।
যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ এই ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, বিসিবির অর্থায়নে আধুনিক মানের এই পিচটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। কেবল মাত্র ঘাস বোনার কাজটুকুই বাকি ছিল। আমরা দুই দিনের মধ্যে পুরো পিচের ওপর ঘাস বুনে চারপাশ দিয়ে ঘিরে রাখার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পিচের ওপর আঘাত করল। এটা শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের কাজ শেষ করার সময়সূচিও অনেক পিছিয়ে দিল।
তিনি আবেগাপ্লুত কণ্ঠে আরও বলেন, এই ঘটনা যশোরের ক্রীড়া সংগঠকদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। জেলার ক্রিকেট অবকাঠামো উন্নয়নের এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নষ্ট করে দেওয়া মানে আমাদের ভবিষ্যৎ ক্রিকেট উন্নয়নের পথে সরাসরি বাধা সৃষ্টি করা। দীর্ঘদিন ধরে যশোরে ক্রিকেটের কোনো লিগ হয় না। বিসিবির নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিতের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যখন সব ধরনের লিগ পুনরায় আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই এই ধ্বংসাত্মক কাজ করা হলো। যারা কোনো দিনই যশোরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন চায়নি, তারা দুর্বৃত্তদের ব্যবহার করে পরিকল্পিতভাবে এই পিচ ধ্বংস করেছে।
যশোরের ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশসহ স্থানীয় ক্রীড়া সংগঠনগুলো অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।























