এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হুসাইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা মরহুম এরশাদের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হুসাইন মুহম্মদ এরশাদ দেশের অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। তাঁর নয় বছরের শাসনামল ছিল দেশের উন্নয়ন ও অগ্রগতির এক অনন্য অধ্যায়। এ সময় বক্তারা জাতীয় পার্টির আদর্শ ও কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খবির গাজীর সঞ্চালনায় সভায় জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, অধ্যাপক রেজাউল ইসলাম, আব্দুল রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক যুব বিষয়ক সম্পাদক সৈয়দ বাবুল আক্তার, সদস্য আব্বাস উদ্দীন ও গোলাম কিবরিয়া, পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মুসা, জেলা যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সুমন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক সদস্য লাল মোহাম্মদ এবং কাজী মিজানুর রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মাজেদ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুম নেতার আত্মার শান্তি কামনা করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।























