যশোরে ইসলামী ব্যাংকের উদ্যোগে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামী দিনের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যশোর শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের মাসব্যাপী চলমান গ্রাহক সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে শাখা কার্যালয়ে স্থানীয় বিশিষ্ট আলেম, ওলামা ও মাশায়েখদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান শফিউল আজম। ইসলামী ব্যাংক যশোর শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান জামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এফএভিপি শফিকুল ইসলাম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান জামিনুর রহমান। এরপর আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও ধর্মীয় নেতৃবৃন্দ ইসলামী ব্যাংকিং সেবার বিভিন্ন কল্যাণমুখী দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাখাওয়াত হোসেন, সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক ড. তবিবুর রহমান, আরবপুর জামে মসজিদের খতিব মুফতি মাসুদ উর রহমান, হুসাইন (রা.) জামে মসজিদের খতিব মাওলানা হাসান আল মামুন লাল, নাজির শংকরপুর প্রফেসরাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ, জিরাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর সিদ্দিকুর রহমান এবং খুলনা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জোন প্রধান শফিউল আজম বলেন, ইসলামী ব্যাংকের শরী’আহ ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং ধারাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যাংকের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ওলামায়ে কেরামদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সবশেষে দড়াটানা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আমানুল্লাহর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।























