যশোরে সরাসরি সম্প্রচারিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এই পদক বিতরণ করা হয়। এ উপলক্ষে দেশের প্রতিটি জেলার একটি করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়। যার মূল উদ্দেশ্য ছিল খুদে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা।
এরই অংশ হিসেবে যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা গভীর আগ্রহ নিয়ে এ আয়োজন উপভোগ করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ওষুধি গাছ রোপণের মাধ্যমে উপজেলার সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচিরও শুভ উদ্বোধন করা হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক এবং পিটিআই যশোরের সুপারিনটেনডেন্ট শেখ মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক নেতা নূর ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হায়দার আলী, সাজ্জাদুল করিম, নাহিদ আক্তার, মাহিদুল ইসলাম, মুন্সি মো. সোহেল রানা, সোহরাব হোসাইন, তৌহিদুর রহমান, প্রবীর মিত্র ও শামিম হাসান এবং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি গভীর দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে। তবেই আমরা একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে ৩টি করে মোট ৭৫০টি ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে। এই মহতী উদ্যোগের ফলে বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মনে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।























