ভুল অপারেশনে ভোগান্তি: চিকিৎসার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিবন্ধী কামাল
নিজস্ব প্রতিবেদক
যশোরের শারীরিক প্রতিবন্ধী কামাল শিকদার অপারেশনের পরও সুস্থ না হওয়ার অভিযোগ তুলে পুনরায় চিকিৎসার দাবিতে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। একই সাথে উন্নত চিকিৎসার জন্য মাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।
তাঁর অভিযোগ, অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি না হয়ে বরং আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। নিয়মিত কুঁচকি থেকে পুঁজ বের হচ্ছে এবং প্রস্রাব করতেও তীব্র কষ্ট হচ্ছে। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা নিতে না পেরে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী কামাল শিকদার জানান, দীর্ঘদিন ধরে তিনি ডান কুঁচকির জটিল রোগে ভুগছিলেন। পরে যশোরের একটি বেসরকারি হাসপাতালে সার্জন ডা. মো. তাহমিদ-উর-রহমান তাঁর অস্ত্রোপচার করেন। কিন্তু অস্ত্রোপচারের পরও রোগ নিরাময় হয়নি। একই স্থানে পুনরায় সংক্রমণ দেখা দেওয়ায় দীর্ঘদিন ধরে পুঁজ বের হচ্ছে। পাশাপাশি প্রস্রাবে জটিলতা সৃষ্টি হয়েছে এবং লাঠির সাহায্য ছাড়া হাঁটাচলা করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
তিনি জানান, পরবর্তীতে তাঁর আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানালে সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেখানে ভর্তি হলেও তিনি প্রত্যাশিত চিকিৎসাসেবা পাননি বলে অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে অধিকাংশ সময় তাঁকে মেঝেতে থাকতে হয়েছে। চিকিৎসক নিয়মিত ভিজিটে এসে ওষুধ লিখে দিলেও তিনি সরকারি ওষুধ বা খাবার কোনোটিই নিয়মিত পাননি। ফলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং প্রয়োজনীয় দ্বিতীয় অস্ত্রোপচারটি আর করা হয়নি।
চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনে ডান কুঁচকিতে ক্রনিক সাইনাস, মূত্রথলির প্রদাহ, সিগনিফিকেন্ট পোস্ট ভয়েড রেসিডুয়াল এবং পুরোনো পেলভিক ফ্র্যাকচারের জটিলতার উল্লেখ রয়েছে। কামাল শিকদারের দাবি, এসব সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত পুনরায় অস্ত্রোপচার প্রয়োজন।
কামাল শিকদার আরও জানান, তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত ‘সুবর্ণ নাগরিক’ (প্রতিবন্ধী) কার্ডধারী একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। হাসপাতালে ভর্তি থাকার সময় সমাজসেবা বিভাগের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে তাঁকে একটি লাঠি প্রদান করা হয়। যা এখন তাঁর চলাচলের একমাত্র ভরসা।
ভুক্তভোগীর অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসক প্রথমদিকে পুনরায় চিকিৎসা ও অস্ত্রোপচারের আশ্বাস দিলেও বর্তমানে আর কোনো উদ্যোগ নিচ্ছেন না। অর্থাভাবে অন্য কোনো বেসরকারি বা উন্নত হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্যও তাঁর নেই। ফলে নিরুপায় হয়ে তিনি গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন।
তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, যদি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত না হয়, তবে আইনজীবীর পরামর্শ নিয়ে চিকিৎসাসেবা-সংক্রান্ত অবহেলার অভিযোগে আদালতের আশ্রয় নেবেন।
এদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সার্জন ডা. মো. তাহমিদ-উর-রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।























