‘সাংবাদিক ছাকিন ছিল স্বপ্নবাজ এক তরুণ’ স্বাধীন কন্ঠ সম্পাদকের আবেগঘন স্মৃতিচারণ
নিজস্ব প্রতিবেদক
যশোরে তরুণ সাংবাদিক ছাকিন হোসেনের (সাকিন) আত্মহত্যার পর উঠে এসেছে তার সাবেক কর্মস্থল ‘দৈনিক স্বাধীন কণ্ঠ’র সম্পাদক হাসিবুর রহমান শামীমের এক আবেগঘন স্মৃতিচারণ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ছাকিনের মৃত্যুর পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তরুণ সাংবাদিকের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেন।
সাবেক শিষ্যের স্মৃতিচারণ করে হাসিবুর রহমান শামীম তার পোস্টে লেখেন, চার বছর আগে সালাউদ্দিন সাগর নামে এক ছোট ভাই শান্ত ও লাজুক স্বভাবের ছাকিনকে তার কাছে নিয়ে এসেছিলেন সাংবাদিকতা শেখানোর জন্য। ছাকিনের শেখার আগ্রহ ও বিনয়ী হাসি দেখে তিনি তাকে নিজের সঙ্গে রেখে কাজ শেখাতে শুরু করেন। পরে তাকে এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কাজের সুযোগ করে দেন। পাশাপাশি ছাকিন অনলাইন পোর্টাল ‘স্বাধীন কণ্ঠ’-এ নিউজ আপলোডের কাজও করতেন।
তিনি আরও লেখেন, কাজ শেখাতে গিয়ে কত বকাঝকা করেছি! কিন্তু কখনো তাকে মন খারাপ করতে দেখিনি। উল্টো প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করত। আমার ছোট্ট মোটরসাইকেলটি দিয়ে দিতাম, আর সে সারাদিন camera কাঁধে নিয়ে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করত, প্যাকেজ তৈরি করত। পরিশ্রমী, ভদ্র এবং স্বপ্নবাজ একটি ছেলে ছিল সে।
ছাকিনকে সাংবাদিকতা পেশার একজন অত্যন্ত সম্ভাবনাময় তরুণ উল্লেখ করে সম্পাদক বলেন, প্রায় এক বছর তার সাথে কাজ করার পর গত তিন বছরে মাত্র দুবার দেখা হলেও, এই মৃত্যুর খবর হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। এত ভালো গুণের আড়ালে ছাকিন যে এতটা অভিমানী ছিলেন, তা কেউ বুঝতে পারেনি। তার এমন অকাল চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সাবেক এই গুরু। শেষে তিনি ছাকিনের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর সদরের শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ছাকিন হোসেন (২৭)। তিনি স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং দৈনিক স্বাধীন কণ্ঠের সাবেক রিপোর্টার ছিলেন।
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এই চরম পথ বেছে নেন বলে জানা গেছে। মৃত্যুর আগে তিনি ফেসবুকে ‘বিদায় পৃথিবী, সুখে থেকো’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।























